পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে আমাদের সমস্ত কাজ কর্ম পরিচালিত হয় মূলত দুটি জিনিসকে কেন্দ্র করে, আর তা হলো সম্পদ এবং সন্তান-সন্ততি। কারন এগুলো হলো ক্ষমতা, আভিজাত্য ও প্রভাব প্রতিপত্তির প্রতীক। দৈনন্দিন জীবনের দিকে তাকালে বোঝা যায সবখানেই আজ এই দুটির পেছনে মানুষের অবিরাম ছুটে চলা। কিন্তু দুনিয়ার মালিক আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। কিয়ামতের কঠিনতম দিনে এই দুনিয়াবি অর্জনগুলোর কোনো মূল্যই থাকবে না, যদি না আমাদের অন্তর বা ক্বালব পরিষ্কার থাকে।
আসুন লক্ষ্য করি হযরত ইব্রাহিম (আঃ) এর সেই চমৎকার দোয়া, যা পবিত্র কুরআনের সূরা আশ-শুআরার ৮৭-৮৯ নং আয়াতে আল্লাহ সুবহানাতায়ালা বর্ননা করেছেনঃ
“এবং পুনরুত্থান দিবসে তুমি আমাকে লজ্জিত করো না। যেদিন ধন–সম্পদ ও সন্তান–সন্ততি কোনো উপকারে আসবে না; কেবল সেই ব্যক্তিই মুক্তি পাবে, যে আল্লাহর নিকট ‘ক্বালবুন সালীম‘ (সুস্থ ও নিষ্কলুষ অন্তর) নিয়ে উপস্থিত হবে।“
১। ‘ক্বালবুন সালীম’ বা সুস্থ অন্তর কী?
এক কথায়, যে অন্তরে আল্লাহর কোনো শরিক বা সমকক্ষ নেই, সেটাই হলো সুস্থ অন্তর। একজন মুমিন হিসেবে আমরা কেউই মুখ ফুটে বলবো না যে, আমরা আমাদের সন্তান-সন্ততি, স্বামী/স্ত্রী বা ব্যাংক ব্যালেন্সকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি। আমরা জেনে শুনে কোনো মূর্তির সামনে মাথা নত করি না। কিন্তু অবচেতন মনে বা বেখেয়ালে আমরা অনেক সময় আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলোকেই তাঁর চেয়ে বেশি ভালোবেসে ফেলি, গুরুত্ব দিয়ে ফেলি যা আমাদের অন্তরের সুস্থতা নষ্ট করে দেয়।
সূরা আল-বাকারাহর ১৬৫ নম্বর আয়াতে কুরআনে এই বিষয়ে সতর্ক করে বলা হয়েছেঃ
“আর মানুষের মধ্যে এমনও কেউ কেউ আছে, যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করে এবং তাদেরকে তেমন ভালোবাসে, যেমন আল্লাহকে ভালোবাসা উচিত।“
২। নিয়ামত যখন পরীক্ষা বা ফিতনার বিষয় হয়ে যায
আমাদের স্বামী/স্ত্রী, সন্তান, সম্পদ কিংবা সামাজিক মর্যাদা—সবই আল্লাহর দেওয়া উপহার ও নেয়ামত। কিন্তু এই নেয়ামতগুলোই আমাদের চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, যখন এগুলো অন্তরের ভেতরে আল্লাহর আসনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এই মোহ আমাদের গাফেল বা উদাসীন করে দেয়। এই জন্যই পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে, আমাদের সম্পদ ও সন্তানরা আসলে আমাদের জন্য এক একটি পরীক্ষা (ফিতনা)।
৩। অন্তরের অক্সিজেন: আল্লাহর স্মরণ ও সালাত
একটি সুস্থ অন্তর অর্জন করা কোনো তাতক্ষনিক বিষয় নয়, এটি একটি আজীবন সাধনা। আমাদের দেহ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমাদের আত্মিক হৃদয়ের বেঁচে থাকার জন্যও অক্সিজেনের প্রয়োজন। অন্তরের সেই আসল অক্সিজেন হলো ‘আল্লাহর জিকির‘ বা স্মরণ, যার শ্রেষ্ট মাধ্যম হলো ‘সালাত‘ বা নামাজ।
- সালাতের গুরুত্ব: কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব আল্লাহ নিবেন তা হলো সালাত। সালাত সাবজেক্টে পাশ তো আপনি পাশ আর সালাতে নাম্বার নাই তো পুরো জীবনটাই ব্যর্থ।
- জীবিত ও মৃতের পার্থক্য: রাসুলুল্লাহ (সাঃ) এর একটি বিখ্যাত হাদিস মনে করিয়ে দেয়ঃ
“যে ব্যক্তি তার রবের স্মরণ (জিকির) করে, আর যে ব্যক্তি তার রবের স্মরণ করে না—তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো।“ (সহীহ বুখারী)
৪। আধুনিক সভ্যতার মানসিক সংকট এবং এর সমাধান
বর্তমান ব্যস্ত ও দুনিয়াবি সমাজ তথা গোটা বিশ্বে ডিপ্রেশন, হতাশা, বিষণ্ণতা এবং চরম একাকীত্ব এক মহামারী রূপ ধারণ করেছে। এর মূল আধ্যাত্মিক কারণটি লুকিয়ে আছে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়ার মাঝে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন:
“এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য থাকবে এক সংকীর্ণ (হতাশাগ্রস্ত ও কষ্টকর) জীবন।“ (Surah Taha)
আমরা যখন আল্লাহকে স্মরণ না করে দুনিয়াবি বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই, তখন আমাদের ক্বলব বা অন্তর সংকুচিত হয়ে পড়ে, নির্জীব হয়ে যায়, ফলে সামান্য আঘাতেও আমরা ভেঙে পড়ি। পক্ষান্তরে, আল্লাহর স্মরণের মাধ্যমে যখন অন্তরের ব্যাপ্তি (Expansion of the heart) ঘটে, তখন মানুষের ভেতরে আল্লাহর দ্বীনের আলো প্রবেশ করে। আর সেই প্রসারিত অন্তর নিয়ে দুনিয়ার যেকোনো কঠিন পরিস্থিতি বা ঝড় অনায়াসে মোকাবেলা করা সম্ভব হয়।
তাহলে আমরা কি বুঝলাম? আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত একটিই আর তা হলো আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে উপভোগ করার পাশাপাশি, নিয়ামতের শুকরিয় করা, অন্তরকে এমনভাবে প্রস্তুত করা, যেন মৃত্যুর পর আল্লাহর সামনে একটি ‘সুস্থ ও নিষ্কলুষ অন্তর’ নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। আমীন।
